পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র জমা দিয়েছেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান এবং আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তারের কাছে পৃথকভাবে মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়নপত্র জমা শেষে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “আমি জনগণের ন্যায়বিচার, ইনসাফভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছি। পাবনা-৪ আসনের মানুষ দীর্ঘদিন ধরে সুশাসন থেকে বঞ্চিত। আল্লাহর উপর ভরসা করে এবং জনগণের সমর্থন নিয়ে আমরা শান্তিপূর্ণ ও ইতিবাচক রাজনীতির মাধ্যমে পরিবর্তনের পথে এগিয়ে যেতে চাই।”
তিনি আরও বলেন, “যদি জনগণ আমাদের দায়িত্ব দেয়, তাহলে মাদক, সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত একটি জনপদ গড়তে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর পাবনা জেলা নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক, আটঘরিয়া উপজেলা আমির মাওলানা নকিবুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
