ঈশ্বরদীতে হামলায় গুরুতর আহত জামায়াত কর্মী সান্জুর খোঁজ নিলেন অধ্যাপক আবু তালেব মন্ডল
ঈশ্বরদী সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি (জগীর মোড়) এলাকায় জামায়াতের নির্বাচনী জনসংযোগে হামলায় মারাত্মক আহত জামায়াত কর্মী শাহনেওয়াজ আলম সান্জুর খোঁজখবর নিয়েছেন পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
শনিবার (১৩ ডিসেম্বর) গুরুতর আহত অবস্থায় দীর্ঘ চিকিৎসা শেষে সান্জু ঈশ্বরদী শহরের মশুড়িয়াপাড়াস্থ নিজ বাসভবনে ফিরে এলে তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে যান অধ্যাপক আবু তালেব মন্ডল।
উল্লেখ্য, গত নির্বাচনী জনসংযোগ চলাকালে জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী মক্কেল মৃধার নেতৃত্বে সংঘটিত হামলায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় জামায়াতের অন্তত ৪০টি মোটরসাইকেল লুটের অভিযোগ করা হয়। হামলায় মারাত্মক আহত শাহনেওয়াজ আলম সান্জুকে প্রথমে পাবনা সদর হাসপাতাল, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে ঢাকায় আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
দীর্ঘ চিকিৎসা ও দোয়ার বরকতে বর্তমানে তিনি অনেকটাই বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আহত সান্জুর বাড়িতে উপস্থিত হয়ে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “নির্বাচনের মাঠে এ ধরনের পৈশাচিক হামলা গণতন্ত্রের জন্য অশুভ ইঙ্গিত। ইসলামী আন্দোলনের কর্মীরা কখনো সন্ত্রাসে বিশ্বাস করে না। সত্য ও ন্যায়ের পথে থাকার কারণেই আমাদের ওপর বারবার হামলা চালানো হচ্ছে। আল্লাহর অশেষ রহমতে ভাই শাহনেওয়াজ সান্জু আজ প্রাণে বেঁচে ফিরেছেন—এটা আমাদের জন্য বড় নেয়ামত।”
তিনি আরও বলেন, “এই হামলার বিচার একদিন অবশ্যই হবে। আমরা আইনের শাসন, শান্তি ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাব। কোনো সন্ত্রাসী হামলা আমাদের পথ থেকে সরাতে পারবে না ইনশাআল্লাহ।
